গাজীপুর জেলার কালিয়াকৈরে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ পোশাক শ্রমিকেরা উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মী। এ ঘটনার পর থেকে সেখানে টিকাদান কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) টিকা নিয়ে পোশাক শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ার পর তাদেরকে কালিয়াকৈর উপজেলা ও কোনাবাড়ী শিল্পাঞ্চলের কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়।
মৌচাক ফ্যাশন কারখানা কর্তৃপক্ষ ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ওই পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। কয়েকশ শ্রমিককে টিকা দেওয়ার ঘণ্টাখানেক পর অর্ধশতাধিক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
অসুস্থ শ্রমিকরা সাংবাদিকদের জানান, টিকা নেওয়ার ঘণ্টাখানেক পর তারা অসুস্থবোধ করেন। এরপর তারা অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বুঝতে পারেন তারা হাসপাতালের বেডে রয়েছেন। টিকা দেওয়া শুরু করার প্রায় দুই ঘণ্টা পর থেকেই টিকা নেওয়া শ্রমিকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, মনস্তাত্ত্বিক কোনো কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বার্তা বাজার/এসবি