চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় আটক হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার বহিরাগত দুই সহযোগী।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আব্দুল করিমকে অপহরণের ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি ওই শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হলের পাশে লাল পাহাড় থেকে উদ্ধার করে এবং চবি শিক্ষার্থী শহীদুল ইসলামকে তার দুই সহযোগী সহ আটক করা হয়।
আটক তিন অপহরণকারী হলো, চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬-১৭ শিক্ষাবর্ষের শহীদুল ইসলাম শহীদ ও তার বহিরাগত দুই সহযোগী।
জানা যায়, চবির ছাত্র শহীদুল ইসলামের সাথে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীর সাথে সম্পর্ক ছিল। এক পর্যায়ে দু’জনের মনোমালিন্যে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে মেয়েটি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আব্দুল করিমের সাথে নতুন সম্পর্কে জড়িত হয়। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি শহীদ।
বৃহস্পতিবার আব্দুল করিম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে ওই মেয়ের সাথে দেখা করতে গেলে শহীদুল ইসলাম তার দুই সহযোগীসহ আব্দুল করিমকে অপহরণ করে এবং তার মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে প্রক্টরিয়াল বডি বিষয়টি জেনে পুলিশের সহযোগিতায় আবদুল করিমকে উদ্ধার করে এবং অপহরনকারীদের আটক করে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করেছিল কয়েকজন যুবক। বিষয়টি আমরা জেনে অপহৃত ওই ছেলেটিকে উদ্ধার করি। এ ঘটনায় অপহরণকারী তিনজনকে জিরো পয়েন্ট পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়েছে। তাদের অভিভাবকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি