ধোবাউড়ায় বাড়ছে পানি, ক্ষতির আশংকায় কৃষক

দুইদিনের টানা বর্ষণে ময়মনসিংহের ধেবাউড়া উপজেলায় উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে বন্যার দেখা দিয়েছে। এতে চলতি আমন ফসলের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে নেতাই নদীর বাঁধ ভাঙ্গন এলাকা দিয়ে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। এতে ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে রোপা আমন। নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে অনেকে রয়েছে পানিবন্দী।

গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশ দিয়ে নেতাই নদীর বেঁড়ীবাঁধ,দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে রহমতের বাজারের পাশের নেতাই নদীর বাঁধ,ঘোঁষগাও ইউনিয়নের রায়পুর এবং ভালুকাপাড়া এলাকায় ভাঙ্গন দিয়ে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে।

ঢলের পানিতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন আমন ফসল ও মাছ।বৃহস্পতিবার সকাল থেকেও হু হু করে বাড়ছে পানি । এতে আমন ফসলের ব্যাপক ক্ষতির আশংকায় রয়েছেন কৃষকরা।

গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন ,কলসিন্দুর এবং গৌরিপুরে নেতাই নদীর ভাঙ্গন দিয়ে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে।

গত বন্যায় পাহাড়ী ঢলে নেতাই নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়। পরে ভাঙ্গন এলাকা পরিদর্শণ করে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। কিন্তু পুনরায় পানি প্রবেশ করায় তা সম্ভব হয়নি।

কৃষকদের অভিযোগ ভাঙ্গন প্রতিরোধে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়না,তাই বারবার তাদের ফসল তলিয়ে যায় পানির নিচে।

উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার আলম তুষার জানান,চলতি বছর আমন ফসল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ১৩ হাজার ৮ শত ২০ হেক্টর। ঢলের পানিতে ক্ষতির আশংকায় রয়েছে ১২০ হেক্টর আমন ফসল।

এ ব্যাপারে ময়মনিসংহ-১,(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং মুঠোফোনে বলেন, ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি এবং পানি সম্পদ মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

আনিসুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর