জয়পুরহাটে ফুলবাড়ী ট্রাজেডি দিবসে বিক্ষোভ-সমাবেশ
ফুলবাড়ী ট্রাজেডি দিবসে আন্দোলনকারীদের নামে মিথ্যে মামলা প্রত্যাহারসহ ফুলবাড়ী চুক্তির ছয় দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা সিপিবি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে ঘন্টাব্যাপী সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
জাতীয় কমিটির জয়পুরহাট জেলা আহবায়ক ও জেলা সিপিবির সাধারন সম্পাদক এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদের আহবায়ক ওয়াজেদ পারভেজ, সাম্যবাদী আন্দোলনের নেতা ওবাইদুল্লাহ মুসা, সিবিবি নেতা দেওয়ান বদিউজ্জামান বদি প্রমুখ।
এসময় উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি ইউনুছার রহমান, ছাত্র ইউনিয়ন সভাপতি রিফাত আমিন রিয়ন, ছাত্র ফন্টের জেলা সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, ছাত্র কাউন্সিলের জেলা সভাপতি রেহেনা পারভিন খুশিসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফুলবাড়ী ট্রাজেডির ১৫ বছর পার হলেও ফুলবাড়ীবাসীর ছয় দফা চুক্তি আজও বাস্তবায়ন হয়নি। উল্টো আন্দোলনকারী নেতাদের নামে একের পর এক মিথ্যে মামলা করছে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জি।
অবিলম্বে আন্দোলনকারীদের নামে এশিয়া এনার্জির দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহার, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিলের দাবি জানান তারা। এছাড়াও ছয় দফা চুক্তি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বন জানান বক্তারা।
রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এসজে