মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির জামিন আবেদন দ্রুত শুনানি করতে রুল জারি করেছেন হাইকোর্ট। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি এ রুল জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ২২ আগেস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী। পরে আদালত জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদন করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলার পাশাপাশি পরীমনির জামিনের আরজিও ছিল।
গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র্যাব। এ ঘটনায় পরের দিন র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।
গত ৫ আগস্ট পরীমনিকে চারদিন, ১০ আগস্ট দুই দিন ও ১৯ আগস্ট একদিনের রিমান্ডে নেয় সিআইডি। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বার্তা বাজার/নব