ক্যাসিনো সম্রাটের ক্যাশিয়ার আরমানের বিলাসবহুল গাড়ি জব্দ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ‘ক্যাসিনো সম্রাটের’ ক্যাশিয়ার হিসেবে পরিচিত এনামুল হক আরমানের ব্যবহৃত বিলাসবহুল হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়িটি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে একটি দল রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গাড়িটি জব্দ করেন।

দুদক সূত্রে জানা যায়, খোরশেদ আলম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে গাড়িটি (ঢাকা মেট্রো ঘ-১৫৭৮৭২) উদ্ধার করা হয়েছে। আরমান গ্রেফতার হওয়ার পর থেকে তিনিই গাড়িটি ব্যবহার করছিলেন। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরপরই কালো রংয়ের গাড়িটির কাগজপত্র জব্দ করে হেফাজতে নিয়েছে দুদক। গাড়িটির বাজারমূল্য অর্ধ কোটি টাকার বেশি।

দুদক গোয়েন্দা সূত্রে জানা গেছে, কালো রংয়ের হ্যারিয়ার গাড়ির বিপরীতে পূবালী ব্যাংকের কমলাপুর শাখা থেকে ৩৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আরমান। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু ঋণের সামান্য কিছু টাকা পরিশোধ করলেও বড় অংশ পরিশোধ করেননি আরমান। সেই ঋণের সূত্র ধরেই গাড়িটির সন্ধান পাওয়া যায়।

২০১৯ সালের ১২ নভেম্বর আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

ঢাকা মহানগর দক্ষিণে যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী হিসেবে পরিচিত আরমান। সম্রাটের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ থাকায় ২০১৩ সালে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতির পদ পান আরমান।

ক্যাসিনো, চাঁদাবাজি ও টেন্ডারবাজির টাকার বড় অংশ আরমানের কাছে রাখতেন সম্রাট। সম্রাটের হয়ে পুরো ক্যাসিনো দেখতেন আরমান। জুয়া-ক্যাসিনোর টাকায় সিনেমা প্রযোজনার পাশাপাশি আরমান দাপিয়ে বেড়িয়েছেন সব জায়গায়। ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাটের সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর