দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ক্রমেই জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।
যমুনা নদীর চরাঞ্চল, নিম্নাঞ্চল ও অভ্যন্তরীণ নদী তীরবর্তী এলাকার বসতবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন পানিবন্দি মানুষ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে যমুনা ও অভ্যন্তরীণ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। নদী তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। অনেকেই বসতবাড়ি রেখে বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।
বার্তা বাজার/নব