রাজবাড়ীর পাংশায় কলেজ মোড় সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিনগত রাত ১টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার শেখ আব্দুল খালেকের ছেলে রাশেদুল ইসলাম (৩৭) অপরজন একই জেলার আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন। উভয়ের বাড়ি কুষ্টিয়ার পৌর শহরে।
পাংশা হাইওয়ে থানার এএসআই তরিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বুধবার দিনগত রাত আনুমানিক প্রায় ১ টার সময় দু’জন মোটরসাইকেল আরোহী ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এ সময় রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের কলেজ মোড় নামক স্থানে নির্মাণাধীন একটি ব্রিজের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে গেলে পরে পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের নিচে পড়ে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরবর্তীতে তাদের স্বজনদের খবর দেয়া হয়। তারা আসলে ভোরে ৪টার দিকে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন অনেকগুলো নির্মাণাধীন ছোট-বড় ব্রিজ রয়েছে। নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা যন্ত্র তন্ত্র ফেলে রেখেছে নির্মাণাধীন সামগ্রী। খুড়ে রাখা হয়েছে কালভার্টের আশপাশ। নেই কোনো বিপদ চিহ্ন। যে কারণে রাস্তা সরু হয়ে গেছে। যার ফলে প্রতিনিয়ত ওই সব স্থানে দুর্ঘটনায় ঝরে যাচ্ছে অনেক প্রাণ। এটা দ্রুত সংস্কার না করলে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। দীর্ঘ হতে থাকবে মৃত্যুর মিছিল।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে