১৫ শিক্ষক নিয়ে পিকনিকের নৌকা ডুবি

ফরিদপুরের পদ্মা নদীতে শিক্ষকদের নৌ ভ্রমণের ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সিএন্ডবি ঘাট নৌবন্দর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে প্রথমে তা একটি কার্গোকে ধাক্কা দেয়। পরে পল্টুনের সাথে ধাক্কা লেগে স্রোতের টানে তলিয়ে যায় পল্টুনের নিচে।

জানা যায়, ডুবে যাওয়া ট্রলারে ফরিদপুরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ শিক্ষক ও ট্রলারের মাঝিসহ মোট ১৬ জন ছিলেন সেখানে। এদের মধ্যে মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২ শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজরা হলেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।

উদ্ধার হওয়া শিক্ষকরা জানান, শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক একটি ট্রলারে করে বুধবার বিকেলে নৌ ভ্রমণে বের হন। বিকেল ৪টার দিকে ট্রলারটি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডললের হাট থেকে ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি বিকেল ৫টার দিকে সিএন্ডবি ঘাট এলাকার মদনখালীর মাথায় থাকা পল্টুনের কাছে আসলে এই দুর্ঘটনা ঘটে।

এসময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে প্রথমে একটি কর্গোর সাথে ধাক্কা লাগে, এসময় মাঝি সম্পূর্ণভাবে ট্রলারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্রোতের টানে কার্গোর সাথে ধাক্কার পরে পল্টুনের সাথে ধাক্কা লেগে ট্রলারটি পল্টুনের নিচে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় তারা অনেকেই নদীর পাড়ে ছিলেন, ট্রলারটি পল্টুনের ভেতরে চলে যাওয়ার পরেই তারা উদ্ধারে নেমে পড়েন। ১৪ জনকে উদ্ধার করা গেলেও স্রোতের টানে ভেসে যান ২ জন।

এ ট্রলার দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস (৪২) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষক বলাই কুমার দাস (৪১) ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুই শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ই জানান, প্রথমে আমরা দু’টি ট্রলার নিয়ে উদ্ধার কাজ শুরু করি। পরে আরও দু’টি ট্রলার যোগ করা হয়। ঘটনাস্থলে স্রোত ও গভীরতা খুবই বেশি। আমাদের ফরিদপুর ইউনিটে কোনও ডুবুরি নেই। ঢাকা থেকে ডুবুরি দল পাঠানর জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর