কারা মহাপরিদর্শককে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি তৎকালীন ডিসি দক্ষিণ খান সাইদ হাসানকে কারাগারে ডিভিশন দেওয়াত প্রস্তাব করেছেন কারা মহা পরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। একারণে সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই অভিযোগে কাশিমপুর-২ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল ও জেলার আবু সায়েমের বিরুদ্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগ থেকে গত ২১ আগস্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা পত্র মারফত দেওয়া হয়েছে।

কারা মহা পরিদর্শককে সতর্ক করা নোটিশে বলা হয়েছে, জেলার ও সিনিয়র জেল সুপার প্রকৃত তথ্য গোপন করে এবং কারা অধিদপ্তর তার যথার্থতা যাচাই বাছাই না করে তাকে ডিভিশন দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় যা কারা বিধির লঙ্ঘন। কারাবিধি অনুসরণ না করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোয় ব্রিগেডিয়ার মোমিনুর রহমান মামুনকে সতর্ক করা হয়েছে।

এর আগে এ বিষয়ে ব্যাখা প্রদানের জন্য কারা মহাপরিদর্শককে বলা হয়েছিল। কিন্তু তিনি যে ব্যাখ্যা পাঠান তা মন্ত্রণালয়ে গৃহীত হয়নি। তাই নিয়ম রক্ষা করে তাদের তিনজনের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্মরণকালের মধ্যে এটিই কোনও কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রথম ঘটনা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর