রাজধানীর মিরপুর ১১ নাম্বার এলাকায় গ্যাস পাইপলাইনে ভয়ানক বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিনগত রাত ১টায় বিকট শব্দে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধদেরকে জরুরিভাবে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টটিউটে।
বিস্ফোরণে দগদরা হলেন, নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশু নওশীনসহ বেশ কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।
এ ব্যাপারে বিস্ফোরণের শিকার বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, ছয় তলা বাড়ির নিচে গ্যাসলাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ আরও পাঁচজন দগ্ধ হন। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। দুই-একজনের অবস্থা আশঙ্কাজনক। শিশু নওশীনকে আইসিইউতে নেওয়া হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন গণমাধ্যমকে বলেন, মিরপুর থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
বার্তা বাজার/এসজে