তর্ক থামাতে গিয়ে প্রাণ হারালেন গ্রাম্যপ্রধান

পাবনা জেলার সুজানগরে দুইজনের তর্কাতর্কি থামাতে গিয়ে গ্রাম্যপ্রধান বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম রহিম মোল্লা (৬৫।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা ও আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় শ্রীপুর গ্রামের মৃত তেথনা মোল্লার ছেলে নিহত রহিম মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের মাসিম আলীর বাড়ির উঠানে মঙ্গলবার রাতে কে বা কারা মানুষের বিষ্ঠা রেখে দেয়। বুধবার মাছিম আলী বিষয়টি দেখতে পেয়ে এ ঘটনায় একই গ্রামের প্রতিবেশী খলিল ফকিরকে দোষারোপ করলে তাদের উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

এ সময় গ্রাম্যপ্রধান বৃদ্ধ আব্দুর রহিম তাদের তর্কাতর্কি থামানোর চেষ্টা করেন। এ সময় মাছিম আলী রেগে গিয়ে বৃদ্ধ রহিম মোল্লাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ওসি রওশন আলী। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর