মমেক হল থেকে ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হল থেকে এক ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চৌধুরী আরেফিন (৩০) নামের শিক্ষানবিশ চিকিৎসকের মরদেহ মিলন হলে থেকে উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মিলন হলের ২০৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার কক্ষে ঘুমের ইনজেকশন পাওয়া গেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চৌধুরী মোস্তফা আলীর ছেলে চৌধুরী আরেফিনের। তিনি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে চলতি বছরের মার্চ মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) নাইট ডিউটি শেষে সকালে মিলন হলের ২০৭ নম্বর কক্ষ এসে দরজা আটকে ঘুমান আরেফিন। এরপর সারাদিন রুমের দরজা না খোলায় এবং কোনও সাড়াশব্দ না পাওয়ায় অন্যদের সন্দেহ হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা।

পরে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় বিছানায় তার মরদেহ পড়ে আছে। তখন তার পাশে নেশাজাতীয় ইনজেকশন ও বেশকিছু সিগারেট পাওয়া যায়। তিনি নিয়মিত ঘুমের ওষুধ গ্রহণ করতেন বলে জানা গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম সাংবাদিকদেরবলেন, কীভাবে তার মৃত্যু হলো, সেটি পুলিশের তদন্তে জানা যাবে। তবে তার মৃত্যুতে হাসপাতালের সংশ্লিষ্ট সবাই শোকাহত।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর