এবার জজ মিয়া পেলেন একদিনে ২ ডোজ টিকা

নেত্রকোনার জেলার মোহনগঞ্জের এক ব্যক্তি এক মিনিটের ব্যবধানে পেয়েছেন দুই ডোজ করোনাভাইরাসের টিকা। জজ মিয়া (৩৯) নামে এ ব্যক্তি  দুই ডোজ টিকা পেয়েছেন বলে অভিযোগ করেন।

বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটেছে। জজ মিয়া পৌর শহরের আল মবিন রোডের বাসিন্দা।

জজ মিয়া সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে দশটার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা (নতুন ভবন) টিকা নিতে যাই। টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেন প্রথমে আমার ডান হাতে একটি টিকা পুশ করেন। এরপর আমি চেয়ারটিতে বসেছিলাম। পরে ওই টিকা পুশকারী আমার ডান হাতের একই স্থানে আরও একটি টিকা দিয়ে দেন। এরপর আমি বাড়ি ফিরে আসি।’

জজ মিয়ার দুই ডোজ টিকা নেওয়ার বিষয়টি বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন কর্মরত চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম  সাংবাদিকদের জানান, জজ মিয়ার অভিযোগ পেয়েছি। তাকে ডেকে এনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমার স্বাস্থ্যকর্মীকে ডেকে জিজ্ঞেস করেছি, সে দুই ডোজ টিকার কথা অস্বীকার করেছে। ওই ব্যক্তিকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। কোনো সমস্যা হলে আমরা দেখব।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি  সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তবে ডাক্তাররাই ঘটনাটি ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলব।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর