ফরিদপুরে পুলিশে নতুন ভাবে নিয়োগ বিষয় সংবাদ সম্মেলন
ফরিদপুরে নতুন নিয়মে সাতটি ধাপ অতিক্রম করে ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।
বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলার আলফাডাঙ্গা থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেলালউদ্দীন ভূঁইয়া।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এক লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করা হয়েছে।
এতে সাতটি ধাপ অতিক্রম করার পরেই নিয়োগ চূড়ান্ত হবে। এই সাতটি ধাপ হলো, প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। সংবাদ সম্মেলনে ১৩ মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার সাতটি ধাপ দেখানো হয়।
সংবাদ সম্মেলনে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, বানা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন, গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খান সহ থানা পুলিশের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার হেলালউদ্দীন ভূঁইয়া এ সময় প্রতারক ও দালালদের ব্যাপারে সচেতন থাকতে সকলকে অনুরোধ জানিয়ে বলেন, কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকুরী পাইয়ে দেয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে সেজন্য জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের মাধ্যমে এবং অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহার করে এ ব্যাপারে সচেতনতা তৈরি করা হবে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি