ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে একইদিনে দেশে বাবা এবং প্রবাসে ছেলে মৃত্যু বরণ করেছেন। বাবা ও ছেলের এমন মৃত্যুতে নাসিরনগরে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৪আগস্ট) মধ্যরাতে কুণ্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হামিদ হোসেন (৭০) ব্রাহ্মণবাড়িয়ার নিউ ল্যাব এইড হাসপাতালে মারা যান। একই দিন তার ছেলে সোহেল মিয়া (৪০) সাইপ্রাসের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ৮টায় মারা যান।
জানা যায় যে, গত ২০ আগস্ট মো. হামিদ হোসেন শ্বাসকষ্টজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়ার নিউ ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।
অপরদিকে, ২৭ জুলাই সোহেলের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে তাকে দ্রুত লিমাসল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। করোনা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হলে লিমাসল হাসপাতাল থেকে রাজধানীর নিকোশিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কয়েক দিন হাসপাতালে থেকে ২৪ আগস্ট পিতা-পুত্রের একই দিনে মৃত্যু হয়।
কুণ্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘হামিদ স্যারের সঙ্গে আমি দুই যুগ শিক্ষকতা করেছি। উনার ছেলে সোহেলও আমার সরাসরি ছাত্র ছিল। একসঙ্গে তাদের দুজনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ।’
মৃত্যু বরণ করা শিক্ষকের ভাতিজা ইমরান মিয়া বলেন,‘ চাচাকে কবরে রেখে বাসায় আসার পরই ফোন আসে সাইপ্রাসে সোহেল মারা গেছেন। সাইপ্রাস থেকে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।’
বার্তা বাজার/এসবি