ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে মো. রাজ নামে এক গ্রাহক। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে সিরাজগঞ্জে আদালতে মামলা দায়ের হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলার কামারখন্দ উপজেলার মো. রাজ বাদী হয়ে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে এই মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬/২০২১।
মামলা সূত্রে জানা গেছে, মো. রাজ ইভ্যালির সাইক্লোন অফার থেকে চলতি বছরের ৪ই মে একটি টেলিভিশন, পেনড্রাইভ, আয়রণ মেশিনসহ মোট ৫টি পণ্য অর্ডার করেন। যার মূল্য ৫০ হাজার ৭৩৭ টাকা। ইভ্যালির নীতিমালা অনুযায়ী পণ্য অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া কথা থাকলেও সে অনুযায়ী পণ্য ডেলিভারি দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগ জানিয়েছেন, কামারখন্দ থানা আমলী আদালতের বিচারক মোছা. জেসমিন আরা বাদীর জবানবন্দী গ্রহণ ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের উপর দায়িত্ব দিয়েছেন।
এম এ মালেক/বার্তা বাজার/টি