আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গুম কি ও কত প্রকার তা জানতে পেরেছন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মানব সেবা সংঘ নামে একটি সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, গতকাল একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি সরকার নাকি লাশ গুম করেছিল। প্রতিদিন তিনি অদ্ভুত অদ্ভুত মিথ্যা কথা বলেন। গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কি ও কত প্রকার তা জানতে পেরেছি।এই সরকারের আমলেই এ শব্দটি পরিচিত পেয়েছে।
তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জাতীয় পার্টির আমলে আপনি শেখ হাসিনা বলেছিলেন যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে আপনি তার সঙ্গে নির্বাচনে গিয়েছিলেন। আর সেই থেকে জনগণ আপনার কথায় বিশ্বাস করে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর ও সরকারের অত্যাচারে রোহিঙ্গারা এদেশে এসেছে চার বছর হল। এই চার বছরে আপনি প্রধানমন্ত্রী তো তাদেরকে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি। সুতরাং আপনার এই ধরনের বক্তব্য দেশের জনগণ কানাকড়িও বিশ্বাস করে না। আর আপনি (শেখ হাসিনা)বড় বড় কথা বলেন।
মানব সেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।
বার্তা বাজার/এসজে