কুখ্যাত গুয়ানতানামো’র বন্দী এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী
২ দশক পর গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে এসেছে তালেবান যোদ্ধাদের হাতে। এর সপ্তাহখানেক পর নতুন সরকারের দু’জন মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) তালেবান সরকারের নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব লাভ করেছেন আমেরিকা নিয়ন্ত্রিত কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের বন্দী মোল্লা আব্দুল কাইয়ুম জাকির।
১৯৭৩ সালের জন্ম নেওয়া জাকির ২০০৭ সালে গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্ত হন। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশ।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিনীদের সামরিক অভিযানের সময় তিনি গ্রেফতার হন। এরপর থেকে গুয়ানতানামোতে ৮ নাম্বার কয়েদী হিসেবে বন্দি ছিলেন জাকির। পরবর্তীতে যুদ্ধে অংশ না নেওয়ার শর্তে তিনি মুক্তিলাভ করেন।
কিন্তু এখানেই থেমে থাকেননি জাকির। মুক্তি পেয়ে আবার ফিরে যান রণক্ষেত্রে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তিনি শুরু করেন অভিযান পরিচালনা। তালেবানের সামরিক নেতা হিসেবে দায়িত্বলাভের আগে থেকেই তিনি অভিযান চালাতে থাকেন।
আফগানিস্তানের সদ্য সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানির পতনের পর তালেবান যোদ্ধারা জাকিরের নেতৃত্বেই প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছিলেন।
বার্তা বাজারে/এসজে