‘সরকারের লক্ষ্য দেশকে বিরোধী দলশূন্য করে ফেলা’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বর্তমান সরকারের লক্ষ্যই দেশকে বিরোধী দলশূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করে ফেলা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রেরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিবৃতিতে সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতঙ্কের মধ্যে রেখে চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আর এই উদ্দেশ্য পূরণে তারা দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে।

দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন নিপীড়ণের ঘৃণ্য পন্থা অবলম্বনের লক্ষই হচ্ছে দেশকে বিরোধী দলশুন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা।

তিনি বলেন, এটি নিঃসন্দেহে দেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে মানসিক ও রাজনৈতিকভাবে পর্যদুস্ত করার জন্য সরকারের ধারাবাহিক কুটকৌশল। সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই গতকাল সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আমি তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *