গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেফতার
গভীর রাতে ডাকাতির প্রস্তুতীকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে নোয়াখালীর জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের আদর্শনগর এলাকার নিজাম উদ্দিন (৪৪), বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের মানিক (২৬), একই এলাকার খোরশেদ আলম (৩০), সীতাকুণ্ডের আলী আকবর (৬০), কুমিল্লার হাতিমারা এলাকার নুরুল আলম কালু (৫০) ও শামছুল আলম (৩৩)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে একটি দল কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি মিনি পিকআপ, লোহার কাটার মেশিন, সাংকেতিক স্ট্যান্ড, এক বান্ডিল রশি, তেরপাল ও ছোরা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ৪ ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে নুরুল আলম কালু ও শামছুল আলমকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত অস্ত্র দিয়ে ডাকাতি কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতী নিচ্ছিলো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এম.এস আরমান/বার্তা বাজার/টি