সরকারি অফিসের সামনে ৫ শিক্ষিকার বিষপান

ভারতে অন্যায়ভাবে বদলি করার অভিযোগ এনে একসাথে ৫ শিক্ষকার বিষপানের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) পশ্চিমবঙ্গের বিধাননগরে এই ঘটনা ঘটে। তাদেরকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখান থেকে দু’জনের অবস্থার অবনতি হলে নেওয়া হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে।

জানা যায়, মঙ্গলবার ওই ৫ শিক্ষিকা বিধাননগরের বিকাশ ভবনে আসেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করা দাবি তোলেন। কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। যদিও শিক্ষামন্ত্রী সেইসময় বিকাশ ভবনে ছিলেন না। শিক্ষামন্ত্রীর দেখা না পেয়ে বিকাশ ভবনের বাইরে বেরিয়ে আসেন শিক্ষিকারা বিক্ষোভ দেখাতে থাকেন।

সেই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে শিক্ষিকাদের ধস্তাধস্তি শুরু হয়। এক পুরুষকর্মীর উর্দি ধরে টানেন দু’জন শিক্ষিকা। হাতে একটি শিশি দেখিয়ে বিষ পানের হুমকিও দিতে থাকেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই তাঁরা ‘বিষ’ পান করেন। তাঁদের মুখ থেকে সাদা গ্যাঁজলা জাতীয় কিছু উঠে আসতে থাকে। তারপরই তড়িঘড়ি পাঁচজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দু’জনকে নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে।

শিক্ষিকাদের ‘বিষ’ পানের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির বক্তব্য, শিক্ষামন্ত্রীর সবকিছুর জন্য সময় আছে। তিনি ত্রিপুরায় যেতে পারছেন। রাজনীতি করতে পারছেন। অথচ শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে পারছেন না।

অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেন, ‘যদি এই ঘটনায় কেউ অসুস্থ হয়ে থাকেন, তাহলে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সেইসঙ্গে তিনি জানান, কেউ বা কারা প্ররোচনা দিয়েছেন কিনা দেখতে হবে। চাকরি করতে গেলে বদলি করতে হয়। সমস্যা থাকলেও চেষ্টা করছে রাজ্য, সেটা বুঝতে হবে।-হিন্দুস্তান টাইমস।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর