সাবেক মেজর সিনহা হত্যা মামলার শুনানি চলাকালে আদালতের কাঠগড়ায় পুলিশের বরখাস্তকৃত ওসি প্রদীপের ফোনে কথা বলার ঘটনায় সেখানে দায়িত্বে থাকা ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হয়েছেন। এ ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদালত চলাকালে কাঠগড়ায় প্রদীপের মোবাইলে কথা বলার বিষয়টি সম্পূর্ণ আইনের পরিপন্থী। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে এসআই সাহাবুদ্দিনসহ চার পুলিশ সদস্যকে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি। এ ঘটনায় ওসি প্রদীপকে সতর্ক করেছেন আদালত।
তবে এ ঘটনায় আদালতের কার্যক্রম বাধাগ্রস্থ হবে না বলে জানিয়েছেন আদালতের সরকারি এই কৌসুলি।
এর আগে সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের শুনানির সময় কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেন প্রদীপ। তার কথা বলার সময়ের একটি ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিতে দেখা যায়, আদালতের কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মোবাইলে কথা বলছেন প্রদীপ। এ সময় বেশ কয়েকজন ব্যক্তি তার আশেপাশে দাঁড়িয়ে ছিলেন।
সূত্র জানায়, সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্যই প্রদীপকে মোবাইল ফোনটি সরবরাহ করেছিলেন। মোবাইল ফোনে একের পর এক কলে আনুমানিক ৩০-৪০ মিনিট কথা বলেছেন বরখাস্ত ওসি প্রদীপ। ওই দিন পরনে ছিল কালো পোলো শার্ট। তবে প্রদীপ কার সঙ্গে কী বিষয়ে কথা বলেছেন তা জানা যায়নি।
বার্তা বাজার/এসজে