‘চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্স করায় আমাদের অর্থনীতি করোনার প্রভাবমুক্ত’

প্রতিটি হাসপাতালের চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্স করে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখায় দেশের অর্থনীতিতে করোনা পভাব বিস্তার করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষইয়ক উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে ‘ব্লেজ’ সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

জয় বলেন, সরকারের তৈরি ডিজিটাল অবকাঠামো এবং পূর্ব প্রস্তুতির জন্য সরকার ও দেশের অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি। বিশ্বের অনেক দেশের সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু হয়নি।

তিনি বলেন, আমরা প্রতিটি স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব চালু করেছি। প্রতিটি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করার ব্যবস্থা করেছি। ফলে আমাদের সরকারে, অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি। কারণ আমাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। অথচ বিশ্বের অনেক দেশের সরকার অর্থনৈতিক কাজে বাধা পেয়েছিল।

প্রসঙ্গত, দেশের বাইরে থেকে রেমিট্যান্স আনার জন্য সোনালী ব্যাংক, হোম পে ও আইটিসিএল-এর যৌথ উদ্যোগে চালু করা হয়েছে ‘ব্লেজ’। এর মাধ্যমে মাত্র ৫ সেকেন্ডে দিনের যেকোনো সময় বিদেশ থেকে রেমিট্যান্স আনা যাবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর