ফ্রি-ফায়ার অ্যাকাউন্ট হ্যাক নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে কুপিয়ে হত্যা

অনলাইনে তরুণ প্রজন্মজকে আকৃষ্ট করা গেম পাব্জি খেলা নিয়ে বন্ধুর হাতেই খুন হন গোলাম রসুল নামে এক কিশোর। গত ২৭ জুলাই রাতে মাগুরা সদর থানা এলাকায় তাকে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সজীব মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশের বিশেষ এই শাখার এসপি মুক্তা ধর।

তিনি জানান, ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে অভিযুক্ত কিশোর মাগুরা সদরের বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজিব মিয়ার সঙ্গে একই গ্রামের কাজী গোলাম রসুলের বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে গত ২৭ জুলাই রাতে গোলাম রসুলকে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজিব। গুরুতর আহত অবস্থায় গোলাম রসুলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের ধারাবাহিকতায় নরসিংদী সদর থানা থেকে সজিবকে গ্রেফতার করা হয়।

এসব ক্ষেত্রে সিআইডির কোনো নজরদারি রয়েছে কি না- জানতে চাইলে মুক্তা ধর বলেন, আমাদের চৌকশ সাইবার টিম এ ব্যাপারে কাজ করছে। বিষয়গুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর