রিজার্ভ ৪৮ বিলিয়ন, প্রবাসীরা গত মাসেই পাঠিয়েছে ১৮৭ মিলিয়ন

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সহায়তার ভিত্তিতে দেশের মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দিনশেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৪ বিলিয়ন। এ পর্যন্ত এটিই দেশের মুদ্রার রিজার্ভে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেশ কয়েক মাস ধরেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ইতিবাচক ধারায় রয়েছে। এ ছাড়াও আইএমএফের ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের ঋণ-সহায়তা যোগ হওয়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় উঠেছে। এই রিজার্ভ দিয়ে ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

এর আগে গত ২৯ জুলাই চলতি অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

তিনি সেদিন বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনসহ নিয়ন্ত্রণমূলক নানা বিধিনিষেধে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি অর্থবছরে ৫২ বিলিয়ন ডলারে উন্নীত হবে।’

এদিকে জুলাই মাসে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। অর্থবছরের হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ২০২০-২১ অর্থবছরে মোট দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে যা ২০১৯-২০ অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। আর ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আসে এক হাজার ৬৪২ কোটি ডলার।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর