‘প্রমাণ’ দিতে পারলে পদত্যাগ করবেন ছাত্রলীগ সভাপতি!

অর্থের বিনিময় পদপদবী বিক্রির অভিযোগ প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আমরা নাকি টাকা খেয়ে নেতা বানিয়েছি৷ এর প্রমাণ দিতে পারলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করব। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগে কালো অধ্যায় সৃষ্টি হবে৷

গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই বক্তব্য দেন তিনি। এসময় টাকার বিনিময়ে সাংগঠনিক কমিটি গঠনের অভিযোগকে তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন জয়।,

তিনি দাবি করেন, কোথাও কমিটি করলেই শুনতে হয় যে, আমরা নাকি টাকার লেনদেন করেছি৷ আমরা কোনো জায়গায় কোনো টাকার লেনদেন করিনি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি৷ ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না৷

বিএনপির সমালোচনা করে তিনি বলেন , ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটি পক্ষ দিনরাত লেগে থাকে৷ তিলকে তাল বানিয়ে তারা নামসর্বস্ব পত্রিকায় সংবাদ পরিবেশন করায়৷ ছাত্রলীগের নেতা-কর্মীরা লোভ-লালসার মধ্যে থাকে না৷ খালেদা জিয়া ও তার স্বামী ছাত্ররাজনীতিকে কলুষিত করেছিলেন। ছাত্রনেতাদের হাতে তারা অস্ত্র ও টাকা-পয়সা তুলে দিয়েছিলেন৷

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সভাটি সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এসময় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, গ্রেনেড হামলা মামলার অন্যতম সাক্ষী মেজর (অব.) সামসুদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ৷

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর