আফগানিস্তানের নাগরিকদেরকে দেশ ছেড়ে পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নেওয়ার উৎসাহ না দিতে আমেরিকাকে সতর্ক করেছে তালেবান। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয় তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
বিদেশি সেনাদেরকে আবারও কাবুল ত্যাগের জন্য সাময় নির্ধারণ করে দেওয়া হবে কি না এমন এক প্রশ্নের জবাবে জবিউল্লাহ বলেন, “বিদেশি পার্সপোর্টধারী সবাইকে পূর্ব নির্ধারিত ৩১ আগস্টের সময়সীমার মধ্যে কাবুল ত্যাগ করতে হবে। তবে আমরা আফগান নাগরিকদের দেশ ত্যাগের পক্ষে নই।”
এসময় তিনি বিদেশ গমনের জন্য বিমানবন্দরে ভিড় জমানো আফগানদেরকে নিজের বাড়িতে ফেরত যাওয়ার আহ্বান জানান। একইসাথে আমেরিকা যেন তাদেরকে দেশ ত্যাগের উৎসাহ না দেয় তার আহ্বান জানান।
মুজাহিদ বলেন, “আমরা আমেরিকাকে বলে দিয়েছি তারা যেন আফগান নাগরিকদের দেশ ত্যাগে উৎসাহ না দেয়।কারণ, আমাদের নাগরিকদেরকে নিয়ে তারা নিচু মানের কাজে নিয়োগ দেবে।”
তিনি আরও বলেন, আফগানিস্তানে বিদেশি মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং সব বিদেশি কূটনীতিক নির্ভয়ে তাদের কাজ চালিয়ে যেতে পারেন।
বার্তা বাজার/এসজে