মাগুরা সদর থানা এলাকায় অনলাইন গেম পাবজি খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর দ্বন্দ্ব। এ দ্বন্দ্বের জেরে বন্ধু মোঃ সজিব মিয়ার হাতে খুন হয়েছেন কিশোর গোলাম রসুল। গত ২৭ জুলাই দিবাগত রাতে সদর থানা এলাকায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর রাজধানীর মালীবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ ঘটনায় সজিব মিয়াকে গ্রেফতার করেছে।
সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে অভিযুক্ত কিশোর মাগুরা সদরের বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজিব মিয়ার সঙ্গে একই গ্রামের কাজী গোলাম রসুলের বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে গত ২৭ জুলাই রাতে গোলাম রসুলকে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজিব। ’
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় গোলাম রসুলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের ধারাবাহিকতায় নরসিংদী সদর থানা থেকে সজিবকে গ্রেফতার করা হয়।’
বার্তা বাজার/এসবি