‘উন্নয়নশীল দেশসমূহে সমতার ভিত্তিতে টিকা সরবরাহ নিশ্চিত করতে বৈশ্বিক অঙ্গীকার এবং অংশীদারিত্ব জোরদার করতে হবে।’বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
মঙ্গলবার (২৪ আগস্ট) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ), ইউএনডিপি এবং হেলথ ইন্টারভেনশন অ্যান্ড টেকনোলজি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (হিটাপ) আয়োজিত ডিসকাসন টু শেয়ার নলেজ অন ইকুইটেবল কোভিড-১৯ ভ্যাকসিনেশন এর ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।
এ গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তৃতা করেন ইউএনডিপির রিজিওনাল হেলথ অ্যান্ড ডেভলপমেন্ট অ্যাডভাইজার হাকান জর্কম্যান। থাইল্যান্ডের ন্যাশনাল হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে বলেন, ‘আমাদের দেশের জনগণকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন সরবরাহ করতে সরকার কাজ করছে। এক্ষেত্রে স্থানীয় সরকার ও সামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
বৈঠকে পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সভাপতি প্রফেসর হাবিবে মিল্লাত এমপি, ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ঘানা এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলিসি মিমি ডার্কো এবং ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের প্রফেসর গগণদীপ কাং বক্তৃতা করেন।
বার্তা বাজার/এসবি