ভুরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওয়ার্কশপের দোকান ও বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরামেরকুটি গ্রামের মিলনী বাজারে আব্দুর রহমান এর পুত্র মমিনুর রহমানের ওয়ার্কশপের দোকান ও বসত বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লেগে প্রায় ৯০ হাত দৈর্ঘ্য বিশিষ্ট একটি টিনের ঘর, ওয়ার্কশপ, লেদ ও অটোপার্টসের দোকান, একটি অটো রিক্সা ও একটি নছিমন পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে বাজারের লোকজন এগিয়ে এসে দেখেন মুহুর্তেই আগুন ওয়ার্কশপের দোকান ও বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দোকানের মালিক মমিনুর রহমান অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। তিনি বর্তমানে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ি ও দোকান পাশাপাশি হওয়ায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই। আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
লতিফুর রহমান লিংকন/বার্তা বাজার/এসজে