শেরপুরে টিসিবির পণ্য হরিলুট, পাচ্ছে না সাধারণ ভোক্তারা

বগুড়ার শেরপুরে টিসিবির পণ্য বিতরণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয়ের জন্য অপেক্ষায় থাকা নিম্ন আয়ের মানুষদের না দিয়ে ডিলারের পছন্দের সামর্থবান মানুষদের হাতে পণ্য তুলে দেয়া হচ্ছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ রকম দৃশ্য দেখা গেছে।

জানা যায়, উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টিসিবির ডিলার আজিজুল হক খানের শেরপুর উপজেলা পরিষদ চত্বরে ৮’শ লিটার সয়াবিন তেল, ৫’শ কেজি চিনি ও ৪’শ কেজি ডাল নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রয়ের কথা। সেই মোতাবেক সকাল থেকে লাইনে দাড়ায় মানুষজন। কিন্তু ডিলার তার পছন্দের বিত্তবান ও সরকারী কর্মকর্তাদের বেশীর ভাগ তেল দিয়ে দেন। এতে লাইনে দাড়িয়ে থাকা মানুষদের অনেকেই তেল না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

লাইনে দাড়িয়ে থাকা আরজিনা, মাহেলা বলেন, আমরা অনেকক্ষন ধরে লাইনে দাড়িয়ে আছি কিন্তু সামনে থেকে লোকজন কমছেইনা। গাড়ির সামনে থেকে কারা কারা যেন নিয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছিনা। এখন শুনছি তেল শেষ হয়ে গেছে। এ নিয়ে ৩ দিন খালি হাতে ফেরত গেলাম।

এ ব্যাপারে টিসিবির ডিলার আজিজুল হক খান বলেন, আমি লাইন ছাড়া অন্য কাউকে পণ্য দেইনি। দুই একজন আনসার সদস্য এসেছিল উপজেলার কোনো এক কর্মকর্তার কথা বলে একটি প্যাকেজ নিয়ে গেছে।

এ প্রসঙ্গে টিসিবির ট্যাগ অফিসার উপজেলা ইউআরসি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, যে পরিমাণ টিসিবির পণ্য ছিল তার চেয়ে তিনগুন মানুষ লাইনে দাড়িয়েছিল। তাই সবাইকে দেয়া সম্ভব হয়নি। তাছাড়া ডিলারের পছন্দের কাউকে দেয়ার কথা আমি শুনিনি। বিতরণ শেষে স্বাক্ষর করার সময় ট্রাকে কোনো মালামাল পাইনি।

রাশেদুল হক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর