কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে আগামী ৩০ আগস্ট ফাইজারের আরও ১০ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আগামী ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজেরর একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর. মিলার।
মঙ্গলবার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।
এর আগে সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ টিকার অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বাকি ৫০ লাখ টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে বলে জানান তিনি।
এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।
বার্তা বাজার/নব