জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উন্নত বিশ্বের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কৃষিপণ্য রপ্তানির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৪ আগস্ট একনেক বৈঠকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা অনুমোদন দেন।
কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প অনুমোদনের সময় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পের মোট ব্যয় ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা।
তিনি বলেন, উন্নত বিশ্বের চাহিদা অনুযায়ী সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রফতানি করতে হবে। আমাদের বাজার ধরে রাখতে হবে। এজন্য সেসব পণ্য যেন আন্তর্জাতিক মানের হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
তিনি বলেন, বর্তমানে কৃষি থেকে ১ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। প্রধানমন্ত্রী সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রপ্তানি করতে বলেছেন। রপ্তানির ক্ষেত্রে একটা নির্দিষ্ট আন্তর্জাতিক মান রয়েছে। প্রত্যেকটি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। যাতে করে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বাড়ে। কৃষিপণ্য রপ্তানির জন্য আরও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন তিনি।
৮টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৩৩৩ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি ব্যয় করা হবে।
বার্তা বাজার/নব