বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
মঙ্গলবার (২৪ আগস্ট) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বিচারপতি আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি মরহুম আমির হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিচারপতি আমির হোসেন মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের নিকলীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ও এল এল এম ডিগ্রি নেওয়ার পর ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি বিচার বিভাগে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে তিনি নিয়োগ পান।
২০০৯ সালের ৬ মে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান আমির হোসেন। গাজীপুরের জেলা জজ থাকা অবস্থায় ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারক হিসেবে তিনি হাই কোর্টে নিয়োগ পান। দুই বছর পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তাকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি আমির হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বার্তা বাজার/এসজে