জাতীয় সংগীতের অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও বানানোর দায়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) সারারাত বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও মো. আরিফ আলী।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
মো. সোহেল রানা বলেন, বেশ কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে ভিডিও পরিবেশন করছে। এই পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে।
তিনি বলেন, ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ওসি মো. সেলিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।
তিনি আরও বলেন, ওসি মো. সেলিম রেজা বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিমকে মাঠে নামান। তারা সোমবার রাতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার/নব