বরিশালে সংঘর্ষ: সমঝোতা হলেও প্রত্যাহার হবেন ইউএনও

বরিশালে আওয়ামী লীগ ও সিটি মেয়রের সাথে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় চাপে রয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সমঝোতা হলেও মেয়রকে গ্রেফতারের দাবিতে দেওয়া বিবৃতিতে তাদের ভাষা ব্যবহার ভুল হয়েছে বলেও স্বীকার করেছেন।

আবার মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

রোববার রাতে বিবাদে জড়ানো দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বৈঠকে সমঝোতার আলাপে উভয় পক্ষ সমাধানে পৌঁছেছেন বলে গণমাধ্যমকে সোমবার (২৩ আগস্ট) জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী

তিনি বলেন, ‘সমাধান হয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে কী সমঝোতা হয়েছে, সেটি এখনো আমরা জানি না। এখন মামলা প্রত্যাহার হওয়ার কথা।’ তবে ওই বৈঠকের বিষয়ে কোনো কথা বলেননি বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

তবে বরিশালের ইউএনওকে প্রত্যাহারের ব্যাপারে তিনি কিছু না জানলেও মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, ৩১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমানকে প্রত্যাহার করা হবে। তবে এখনই প্রত্যাহার করা হচ্ছে, বিষয়টি এমন নয়। পরিস্থিতি শান্ত হলে তাঁকে বরিশাল বিভাগের অন্য কোথাও ন্যস্ত করা হতে পারে, সে ক্ষেত্রে বরিশাল বিভাগীয় কমিশনার সেই আদেশ জারি করবেন। আর প্রত্যাহার করলে আদেশ হবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ মে থেকে বরিশাল সদরের ইউএনওর দায়িত্বে আছেন মুনিবুর।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর