একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন তিনি।

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারীনেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ আগস্ট) তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

আইভী রহমানকে স্মরণ করে কাদের বলেন, আইভী রহমানসহ সেদিন নিহত সবাইকে আমি আজ স্মরণ করছি। আমি কখনও তার মধ্যে অহম বোধ দেখিনি, বাংলাদেশে এমন নির্লোভ নেতা কমই দেখা যায়।

তিনি আরও বলেন, আইভী রহমান কখনও সভা মঞ্চে বসতেন না। তিনি কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিন ও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ শীর্ষ নেতারা।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতরভাবে আহত হন তিনি। পরে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর