ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতাসহ আটক ৩, বিএনপির দাবি নিখোঁজ
জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সিরাজুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করছে দলটি।
তবে তাদেরকে সোমবার (২৩ আগস্ট) রাত ১০ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা থেকে আটক করা হয়েছে বলে স্বীকার করেছে ডিবি পুলিশ।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, সোমবার রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে জুয়েলকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকেও নিয়ে যাওয়া হয়।
শ্যামল বলেন, আমরা এখনও নিশ্চিত না যে তাদের গ্রেপ্তার করা হয়েছে কি-না। গ্রেপ্তার করা হয়ে থাকলে সেটা কোন মামলায় বা তাদের কোন থানায় নেওয়া হবে তাও জানি না। আমরা অবিলম্বে তাদের সন্ধান চাই।
এদিকে বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। আজ সাইফ মাহমুদ জুয়েল, সিরাজুল ইসলাম সিরাজ ও মোস্তাফিজুর রহমান রুমিকে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনো কিছু ঘটার ইঙ্গিতবাহী।
ছাত্রদলের তিন নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।
বার্তা বাজার/এসজে