সচিবের মা করোনায় আক্রান্ত: সেবায় উপসচিবসহ ২৪ কর্মকর্তা-কর্মচারী

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মা। তার সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন মন্ত্রণালয়ের এক উপসচিবসহ ২৪ জন কর্মকর্তা-কর্মচারী। লিখিত নির্দেশনা দিয়ে তাদেরকে ৩ দিনের জন্য চার শিফটে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ২৪ জনকে সমন্বয় করছেন সচিবের একান্ত সচিব আজিজুল ইসলাম।

প্রকাশিত নির্দেশনায় বলা হয়, পিএসকে সার্বক্ষণিক সচিবের মায়ের অবস্থা জানাতে হবে, চিকিৎসকের সাথে যোগাযোগ, টেস্ট করানো ও রিপোর্ট দ্রুত সংগ্রহ করা এবং হোয়াটসঅ্যাপে সচিবের পিএসকে রিপোর্টের কপি পাঠাতে হবে। স্বাস্থ্যবিধি মেনে রোগীর কাছাকাছি থাকতে হবে, রোগীর এটেন্ডেন্টের কাছে কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে জানাতে হবে।

আরও বলে হয়,২৩ আগস্ট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. ইলিয়াস হোসেন ও অফিস সহায়ক মো. জাহিদুল ইসলাম, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসলামুল আলাম, ট্রেইনি সহকারী মো. সানোয়ার হোসেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রাণি সম্পদ অধিদপ্তরের (ডিএলএস) এনিমেল প্রোডাকশন অফিসার আলী রেজা আহমেদ ও ল্যাব টেকনেশিয়ান বিভূ চন্দ, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মৎস্য অধিদপ্তরের (ডিওএফ) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও ট্রেইনি সহকারী সানোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন।

২৪ আগস্টের কাজ সম্পর্কে নির্দেশনায় বলা হয়, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিওএফ এর পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মো. রাশেদ পাভেজ এবং অফিস সহায়ক মো. নাজির হোসেন পারভেজ, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএলআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসলামুল আলাম, ট্রেইনি সহকারী মো. সানোয়ার হোসেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রোগ্রামার নূর মোহাম্মদ ও অফিস সহায়ক মো. আব্দুল কাদের, রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএলএস এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফারুক মিয়া ও ল্যাব টেকনেশিয়ান মো. শহিদ উল্যাহ দায়িত্ব পালন করবেন।

এছাড়া ২৫ আগস্ট ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপ-সচিব পুলকেশ মন্ডল ও ট্রেইনি সহকারী জগদীশ চন্দ্র দাস, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএলআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসলামুল আলম ও ট্রেইনি সহকারী মো. সানোয়ার হোসেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ডিওএফ এর পরিবীক্ষণ ও মূল্যায়ণ কর্মকর্তা মো. সামছুল আলম পাটওয়ারী ও অফিস সহায়ক মো. মফিজ হোসেন, রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএলএস এর বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এসএম নিয়াজ মোর্শেদ ও ল্যাব টেকনেশিয়ান জিএম শাহিনুর ইসলাম দায়িত্ব পালন করবেন।

পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, তিন দিনের জন্য চার শিফটে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। নির্দেশনা মতো তারা দৈনিক ছয় ঘণ্টা করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে জানতে সচিবের একান্ত সচিব আজিজুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলছেন, আমার মায়ের বয়স ৯৫ বছর। তাকে দেখতে অফিসের লোকজন হাসপাতালে যাচ্ছে। এটা নিয়ে নিউজ করার কি হলো। আমি লিখিত কোনো নির্দেশনা দেইনি। আপনারা সরেজমিনে গিয়ে দেখেন। বাস্তবে গিয়ে যা পাবেন সেটি লিখেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর