ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়াসিন (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার জিনজিরা এলাকায় ফ্যামিলি শপিং মলের সামনে এ ঘটনা ঘটে ।
নিহত ইয়াসিন নজরগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন যাবত নজরগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি শপিংমলের সামনে কয়েক জন ধস্তাধস্তি করছিল। সেখান থেকে কিছু মানুষ দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা একজনের রক্তাক্ত লাশ দেখতে পায়। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সায়মন চৌধুরী নামে এক প্রতক্ষদর্শী জানান, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদ ভাইকে বাড়িতে নামিয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম । হঠাৎ দেখলাম কিছু লোক দৌড়ে যাচ্ছে আর এক জন নিচে পড়ে আছে । ঘটনাস্থল অন্ধকার ছিল, সাথে সাথে লোকজন জরো হয়ে গেল। মারা গেছে বলে এক ব্যক্তি চিৎকার করছে। সাথে সাথে উপজেলা ভাইস চেয়ারম্যানকে ফোনে ঘটনাটি জানালাম।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। তবে বিস্তারিত কিছুই জানিনা। পরে বলতে পারব। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/টি