ফ্রি ফায়ার-পাবজি নিয়ে হাইকোর্টের রায়ের বিপক্ষে আইনি পদক্ষেপ ঘোষণা

দেশের সকল অনলাইন মাধ্যম থেকে ফ্রি ফায়ার, পাবজিসহ ক্ষতিকর গেম তিন মাসের জন্য বন্ধ এক লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন ই-স্পোর্টস স্পেশালিষ্ট ওয়ালিউর রহমান সোহান। রোববার (২২ আগস্ট) ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে পোষ্টে ওয়ালিউর রহমান সোহান বলেন, ‘আনন্দের সাথে সবাইকে জানাতে চাই যে আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান, ই-স্পোর্টস এর পক্ষে দেশে পাবজি মোবাইল ও ব্যাটেল গ্রাউন্ড গেমস বন্ধের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিপক্ষে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। এ কাজে আমাদেরকে আইনি সহায়তা দেবেন ব্যারিস্টার অনিক আর হক এবং অ্যাডভোকেট আরেফা পারভীন তাপসী। আমরা একজোট হয়ে এ ব্যাপারে লড়াই করব বলে আশা করছি।’

ওয়ালিউর রহমান সোহান আরও বলেন, ‘আমি দেশের সকল পাবজি প্লেয়ার ও ফ্রি ফায়ার গেমস লাভারদের ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমাদের প্রতিনিয়ত সঠিক তথ্য দিয়ে সাহায্য করে যাচ্ছেন। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সবার এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

এর আগে গত ১৬ আগস্ট ফ্রি ফায়ার ও পাবজির মতো ক্ষতিকর অনলাইন গেম বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর