দিনাজপুরের ৮নং উপশহরে একটি টিনসেডের মধ্যে মোবাইলে গেম খেলছিল ৭ জন কিশোর। এ সময় বজ্রপাতে একসংঙ্গে ৪ জনের মৃত্যু হয়েছে। আরো আহত হয় ৩ জন ।
সোমবার (২৩ আগস্ট) বিকাল ৩ টায় ৮নং উপশহর রেলঘুন্টি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- বাবুল হোসেনের ছেলে আপন (১৪), আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), সাজু মণ্ডলের ছেলে মিম মণ্ডল (১৩) ও মৃত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২)।
আহতরা হচ্ছে আতিক (১৫), মমিনুল ইসলাম (১৩), এবং অপর আর একজন। দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে হতাহতদের সবার বাড়ি।
প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন ও হাজী মকসেদ আলী সাংবাদিকদের জানান, সোমবার বিকাল ৩টার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। এ সময় দিনাজপুর উপশহরের ৮নং রেলঘুন্টির কাছের একটি টিনসেডের মধ্যে মোবাইলে গেম খেলছিল ৭ জন কিশোর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ৭ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৪ জনের মৃত্যু হয়। অন্য ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানান তারা।
কিশোর ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন।
বার্তা বাজার/এসবি