ভোলায় মা-মেয়ের গায়ে আগুন: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ভোলার লালমোহন উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকা ও তার মায়ের শরীরে কেরোসিন ঢেলে আগুনে অগ্নিদগ্ধ করার ঘটনায় দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূকলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ।

সোমবার (২৩ আগস্ট) উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়। নানাবিধ কারণে সে সম্পর্কে ভাঙাগড়া হতে পারে। তাই বলে এভাবে শরীরে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা ও নৃশংসতা কোনও সভ্য সমাজের কাজ হতে পারেনা। তাই নাঈমা ও তার মাকে অগ্নিদগ্ধকারী অভিযুক্ত সুমনসহ দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিন মাতাব্বর, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী হেলাল। এসময় উপস্থিত ছিলনে, পশ্চিম চরউমেদ ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণসহ স্থানীয় সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত শনিবার (২১ আগস্ট) রাতে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবউল্যার ঘরে ঢুকে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস নাঈমার গায়ে আগুন লাগিয়ে দেয় একই এলাকার মহিউদ্দিন সুমন।

এসময় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নদগ্ধ হন মা নাজমা বেগম। আহতরা বর্তমানে ঢাকা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলা হলেও এখনও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর