খেয়াঘাটে নেই ইজারাদার, টোলের টাকা হরিলুট

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর খেয়াঘাটে ৫২ দিন ধরে নেই ইজারাদার। মাঝিমাল্লা ও স্থানীয় প্রভাবশালীরা টোলের টাকা হরিলুট করছে। এতো দিনেও নজরে আসেনি কর্তৃপক্ষের। প্রতিদিনই হাজার হাজার টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

এছাড়াও এই সময়ে নির্ধারিত টোলের অতিরিক্ত আদায় করছে আদায়কারীরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে পারাপারকারীরা

জানা গেছে, খোকসা খেয়াঘাট নিয়ন্ত্রণ করে জেলা পরিষদ। নিয়ম অনুযায়ী চলতি বছরের গত ৩০ জুন ঘাটের ইজারার মেয়াদ শেষ হয়। ওই দিনই ঘাট ছেড়ে দেয় ইজারাদার মুক্তার হোসেন। কিন্তু ইজারাদার ছেড়ে গেলেও ঘাট ছাড়েনি মাঝিমাল্লা ও টোল আদায়কারী কর্মচারীরা। তারা প্রতিদিনের আদায়কৃত টোল ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। তবে এতদিনেও বিষয়টি নজরে আসেনি জেলা পরিষদের।

আরো জানা গেছে, খোকসা খেয়াঘাট দিয়ে প্রতিদিনই চার থেকে পাঁচ হাজার মানুষ ও যানবাহন পারাপার হয়। মানুষ তিন টাকা নির্ধারণ করা থাকলেও বর্তমানে নেওয়া হচ্ছে পাঁচ টাকা। মানুষসহ বাইসাইকেল পাঁচ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে দশ টাকা। মোটরসাইকেলসহ মানুষের কাছ থেকে দশ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে পনেরো টাকা। ঘাটে প্রতিদিনই টোল আদায় হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা।

এ বিষয়ে সদ্য বিদায়ী খোকসা খেয়াঘাটের ইজারাদার মোক্তার হোসেন বলেন, গত ৩০ জুন ঘাটের মেয়াদ শেষ হয়েছে। আমি ঘাট ছেড়ে দিয়েছি। কিন্তু বর্তমানে কারা কি করছে তা জানিনা।

রোববার (২২ আগষ্ট) বিকেলে সরেজমিন দেখা যায়, ঘাটে পূর্বের ইজারাদারের কর্মচারীরাই টোল আদায় করছেন।

এবিষয় টোল আদায়কারী সোহেল বলেন, এখন ঘাটে কোন ইজারাদার নেই। আমরা কর্মচারীরাই টাকা তুলে ভাগ করে নিই। প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা তোলা হয়।

বর্তমান ঘাটের প্রধান আদায়কারী দুলাল বলেন, ঘাটে ইজাদার নেই। জেলা পরিষদ কিছু বলেনি। লোকজনের পারাপার সচল রাখতে আমরা নৌকা চলমান রেখেছি। যা আদায় হয় তা সবাই ভাগ করে নিই।

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসনিক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, ৩০শে জুন ঘাটের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু পূর্বের ঘাট মালিকরা সর্বোচ্চ ডাকদাতা হিসেবে টাকা আদায় করছেন। তবে তাদের এখনও ওয়াক অর্ডার পত্র হাতে দেওয়া হয়নি।

এদিকে, সচেতন মহলের দাবি ৫২ দিনের খেয়াঘাটের টোল আদায়ের টাকা কোথায় গেলো। তারা তদন্ত করে এই অর্থ সরকারের কোষাগারে প্রেরণের দাবি জানান।

মোশারফ হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর