জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মেসবাহের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ আগস্ট) রাতে রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে উত্তরা পূর্ব থানা।
মেসবাহের সহপাঠীরা জানান, সে খুবই হাসিখুশি একজন মানুষ ছিল। কিছুদিন ধরে হতাশায় ভুগছিলো কিন্তু কখনো আমাদের কিছু শেয়ার করেনি। এখন অনেকেই মনে করছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে।
উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম জানান, আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি এবং মেডিকেলে খোঁজ খবর নিচ্ছি।
মো.সুমন/বার্তা বাজার/এসজে