রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপ্না (১৬) ও মীম (১৭) নামে দুই গৃহকর্মী কিশোরী নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) তাদের মারা যাওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন বনানী থানার ওসি নুরে আজম মিয়া।
তিনি বলেন, রোববার (২২ আগস্ট) দিনগত রাতে বনানীর ৩ নাম্বার রোডের এফ ব্লকে অবস্থিত ১০ তলা বিশিষ্ট ৭৯ নাম্বার বাসার ৪র্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
ওসি বলেন, ওই ভবনের ভেতর থেকে দুই গৃহকর্মীকে উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রোববার দিনগত রাত ১টা ৫৬ মিনিটে বনানীর ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়।
পরে বাথরুমের ভেতর থেকে দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে বনানী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, এ ঘটনায় আরও একজন মেয়ে আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পরই বলা যাবে।
বার্তা বাজার/এসজে