সরাইলে খাদে পড়া ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক খাদে পড়ে সাগর মিয়া (২০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, সকালে সাগর মিয়া বেকারির রুটি-বিস্কুট নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতে ভ্যানগাড়ি চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে সরাইলে দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক দিয়ে দ্রুত গতির বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান গাড়িটিসহ সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, ভ্যানগাড়ি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর