সিনহা হত্যা: আদালতে ওসি প্রদীপসহ ১৫ আসামি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। এজন্য ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল পৌনে ১০টায় কক্সবাজার কারাগার থেকে আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। বেলা ১১টার দিকে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরুর কথা রয়েছে।

আসামিরা হলেন, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেবল রুবেল শর্মা, এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাগর দেবনাথ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজিব, মো. আব্দুল্লাহ ও টেকনাফের বাহারছড়ার মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা ও পুলিশের করা মামলার সাক্ষী নুরুল আমিন, মো. নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন।

এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট এ তিন দিনে সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে উপস্থিত থাকতে ১৫ জন সাক্ষীকে সমন জারি করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী।

গত ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করা হলেও লকডাউনের কারণে তা সম্ভব হয়ে উঠেনি। পরে ১৬ আগষ্ট নতুন করে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম বার্তা বাজারকে জানান, ইতোমধ্যে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সাক্ষীরা উপস্থিত হলেই সাক্ষ্য গ্রহন শুরু হবে। প্রতিদিন ৫ জন করে ৩ দিনে মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হবে।

প্রসঙ্গত, গত বছর ৩১ জুলাই রাত সাড়ে সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার পথে মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

হত্যার পাঁচ দিনের মাথায় ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করে। ৪টি মামলা তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর