পদ্মা সেতুর সড়ক পথে শেষ স্লাবটি বসানো হয়ে গেছে। এখন ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু পেল পূর্ণাঙ্গ সড়ক পথ। সোমবার (২৩ আগস্ট) সকালে শেষ স্লাবটি বসানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।
সূত্র জানায়, সেতুর মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে মাত্র তিনটি স্লাব বসানো বাকি ছিল। যার মধ্যে গতরাতে বসানো হয় দুটি স্লাব। আর আজ সকালে একটি।
পদ্মা সেতুর নির্বাহী এই প্রকৌশলী জানান, পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে গেল। এ ছাড়া পদ্মা সেতুর মাঝখান দিয়ে গ্যাসলাইন বসানোর কাজ শুরু হয়েছে। একইসঙ্গে শেষ হতে চলছে রেললাইনের কাজও। আগামী বছরের জুনের আগেই সম্পূর্ণ কাজ শেষ করা হবে। এ জন্য এ প্রকল্পে কর্মরত সবাই একযোগে দিনরাত কাজ করে চলেছেন। ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্প এলাকায় এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন যে, ২০২২ সালের জুন মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর শুভ উদ্বোধন করবেন। সে লক্ষ্যে সেতু প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি শ্রমিকরা কাজ করে চলছেন। এ পর্যন্ত মূল সেতুর কাজের ৯৪ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে।
জানা যায়, সেতুর মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে সরবশেষটি বসানো সম্পন্ন হয় আজ সকালে। এর আগে চলতি বছরের ২০ জুন রেলওয়ে স্লাব বসানোর কাজ শেষ হয়েছিল।
সেতুতে কর্মরত প্রকৌশলীরা জানান, এই বছরের জুলাই মাসে সেতুর সার্বিক কাজ এগিয়েছে ৮৭.২৫ শতাংশ। মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪.২৫ শতাংশ। আর বাকি আচগে ৫ দশমিক ৭৫ শতাংশ মাত্র।
বার্তা বাজার/এসজে
বার্তা বাজার/এসজে